আগরতলা, ২০ সেপ্টেম্বর (হি.স.) : দুর্গাপূজো উপলক্ষে এলাকার দুঃস্থদের মধ্যে নতুন কাপড় বিতরণ করলেন ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এলাকার ছয়টি গ্রাম পঞ্চায়েতের তিন শতাধিক মানুষের হাতে নিজ উদ্যোগে এই কাপড় তুলে দিলেন মন্ত্রী।
প্রতিবছরের মত এবারও দুর্গাপূজো উপলক্ষে ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মানুষের হাতে পূজোর নতুন কাপড় তুলে দিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রীর উদ্যোগে নতুন কাপড় পেয়ে খুশি সুবিধাভোগীরা।
আরমাত্র দিনকয়েকের অপেক্ষা, তারপরই আয়োজিত হবে হিন্দু বাঙালীদর সর্বশ্রেষ্ঠ পার্বণ দূর্গাপূজো। আর পূজো মানেই বাঙালীর উন্মাদনা একেবারে তুঙ্গে। দূর্গাপূজো মানেই নতুন কাপড় পরা, নতুনভাবে সাজা। কিন্তু এখনও অনেক দুঃস্থ পরিবার রয়েছেন যারা অর্থের অভাবে পূজোতে কিনতে পারেন না নতুন কাপড়। তাঁদের কথা ভেবে বিধায়ক হবার পর থেকেই পূজোর আগে অসহায় পরিবারের হাতে নতুন কাপড় তুলে দেওয়ার রীতি শুরু করেছেন মন্ত্রী সুধাংশু দাস। যার ব্যাতিক্রম হয়নি এবছরও।
আসন্ন দূর্গাপূজো উপলক্ষে শনিবার ফটিকরায় বাজারের নাট মন্দিরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার প্রায় ছয়টি গ্রাম পঞ্চায়েতের তিন শতাধিক মানুষের হাতে নতুন কাপড় তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, দুর্গাপূজো বর্তমানে শুধু বাঙালীদের উৎসব নয়। সমস্ত জনগোষ্ঠীর মানুষের জন্য সর্ববৃহৎ উৎসব। এই উৎসব পালনের জন্য একবছর অপেক্ষায় থাকেন মানুষ। দেবীপক্ষের সূূচনা হলেই শুরু হয় দেবীর আগমন। স্বাভাবিকভাবেই পূজোতে সবাই মিলে যাতে আনন্দ উপভোগ করা যায় তার জন্যই এই বস্ত্র বিতরণের আয়োজন।
দুর্গাপূজোকে লোকাচারের জন্য না করে স্বাত্তিকভাবে করার আবেদন জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমান সমাজে পূজোর নামে চলছে অপসংষ্কৃতি। এটা হিন্দু ধর্মের রীতি না। এর থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। যুবসমাজকে নেশা থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার বার্তা এদিন দেন তিনি। মন্ত্রী সুধাংশু দাস বলেন একমাত্র হিন্দু সংষ্কৃতিতে নারীদের দেবী রূপে পূজো করা হয়। কিন্তু অন্য সমাজে এমনটা দেখা যায় না। শুধু দেবীর মূর্তী তৈরী করে পূজোই শেষ নয় সবার বাড়িতে থাকা দৃশ্যমান মায়েদের প্রতিও সম্মান প্রদর্শন করা প্রত্যেকের উচিত বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুপর্না দাস, ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা কর সহ অন্যান্যরা। এদিন একেএকে প্রত্যেক সুবিধাভোগীর হাতে কাপড় তুলে দেন অতিথীরা। মন্ত্রীর উদ্যোগে পূজোর আগে নতুন কাপড় পেয়ে খুশি এলাকার মানুষ।

