বাড়িরাজ্য​পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ, প্রতিবাদী মহিলাদের 'ধমক' দিয়ে আন্দোলন তোলার অভিযোগ...

​পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ, প্রতিবাদী মহিলাদের ‘ধমক’ দিয়ে আন্দোলন তোলার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :  পানীয় জলের তীব্র সংকটে জেরবার ধর্মনগরের ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। এই মৌলিক অধিকারের দাবিতে আজ মঙ্গলবার সকালে এলাকার মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। কিন্তু অভিযোগ  পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে উল্টে স্থানীয় বিজেপি নেতা ও ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে আন্দোলনরত মহিলাদের ধমক দিয়ে এবং ভয় দেখিয়ে আন্দোলন তুলে নিতে বাধ্য করার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মনগর মহকুমার অন্তর্গত ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে ২০২৩ সাল থেকেই পানীয় জলের তীব্র সংকট চলছে। দিনের পর দিন জলের পাইপ দিয়ে নামমাত্র জল আসায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। অভিযোগ, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে বহুবার বিষয়টি জানিয়েও কোনো সুরাহা হয়নি। গত চার দিনে পরিস্থিতির আরও অবনতি হয়, সম্পূর্ণ বন্ধ হয়ে যায় জল সরবরাহ।

​বর্তমানে ওই ওয়ার্ডের প্রায় ২০টি পরিবার মাত্র একটি জলের পয়েন্টের ওপর নির্ভরশীল, যেখান থেকেও পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। এই ভয়াবহ সংকটের প্রতিবাদে এবং প্রশাসনের নজর কাড়তে আজ সকাল ৯টা নাগাদ স্থানীয় মহিলারা কলসি হাতে নিয়ে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

অবরোধ চলার প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় বিজেপি নেতা মৃদুল দেব এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সন্তোষ শর্মা কয়েকজন দলীয় কর্মী-সমর্থককে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ, সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার পরিবর্তে তাঁরা আন্দোলনরত মহিলাদের সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করেন। শুধু তাই নয়, তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রকাশ্যেই মহিলাদের ধমক দেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। শেষপর্যন্ত চাপের মুখে পড়ে এবং হুমকির ভয়ে বিক্ষুব্ধ মহিলারা অবরোধ প্রত্যাহার করতে বাধ্য হন।

​জলের মতো নিত্যপ্রয়োজনীয় মৌলিক অধিকারের দাবিতে সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে এভাবে ধমক দিয়ে স্তব্ধ করে দেওয়ার ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাঁদের মতে, সমাধানের পথ না খুঁজে এভাবে জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের দাদাগিরি প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন। পানীয় জলের সমস্যা অবিলম্বে সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ভুক্তভোগীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য