স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের চরম উদাসীনতায় ভেঙে পড়ছে রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টার গুলির শিক্ষা ব্যবস্থা সহ গোটা পরিকাঠামো। দিন দিন পরিষেবার মান এতটাই নিম্নমানের হয়ে উঠছে যে শিশুদের অঙ্গনওয়াড়ি সেন্টারে পাঠাতে গিয়ে চিন্তায় পড়ছে মা-বাবা। এবার উঠে আসলো এক ভিন্ন চিত্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল নিল হাঁস, মুরগি, শূকর। বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়াশোনা। বঞ্চিত শিশুরা। অভিযোগ ফাগুনা পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে।
জানা যায়, দীর্ঘদিন ধরে বন্ধ ফাগুনা পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্র পড়াশোনা। মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত শিশু সহ গর্ভবতী মহিলারা। অঙ্গনওয়ারী কেন্দ্রের সহায়িকা দুর্গা দেববর্মা মারা যাওয়ার পর নতুন সহায়িকা নিয়োগ হন সূর্য্যরাণী দেববর্মা। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিবাদের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শিশুদের জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল নিয়েছে শূকরের দল। অর্থাৎ এখন শূকর পালা হচ্ছে এই শিক্ষা কেন্দ্রে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তারা দাবি করেন সি.ডি.পি.ও -এর গাফিলতির কারণেই শিক্ষা কেন্দ্রটির এমন দুর্দশা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয়রা এর প্রতীবাদ জানান। সমস্যার সমাধান দাবি করেন। এখন দেখার উক্ত ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা।

