স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট : মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুন চাকরিপ্রাপ্য মেডিকেল অফিসারদের হাতে চাকরির অফার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করে চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, রেফার করে দিলেই বেঁচে গেলাম, এমন ধারনাটা চিকিৎসকদের ভুল।
একটু সাহস করলেই একজন রোগীকে পরিষেবা প্রদান করা সম্ভব। তাহলে সেই মহকুমা এলাকার মানুষ এই চিকিৎসকের উপর আস্থা রাখে। সুতরাং অযথা রোগী রেফার করা ঠিক নয়। অর্থাৎ যে রোগীকে রেফার করা প্রয়োজন তাকে যেন রেফার করা হয় জিবি হাসপাতালে। তাই মহাকুমা ও জেলা হাসপাতাল গুলির মধ্যে যারা চিকিৎসক রয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র ডিগ্রী অর্জন করলেই সব কিছু শিখে গেলাম সেটা ভুল ধারণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দক্ষতা উন্নয়নের কথা বলছেন। মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বর্তমানে সুপার স্পেশালিটি পরিষেবা প্রদান করা হচ্ছে। কিন্তু মাঝেমধ্যে দেখা যায় রোগী রাজ্যের বাইরে রেফার করা হয়। রোগী রেফারের প্রবণতা শূন্যের কোঠায় নিয়ে আসতে রাজ্যের সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য বহির রাজ্যের পাঠাতে প্রস্তুত সরকার। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে আরো বলেন, যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের সরকারের দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যে বর্তমানে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কোন রকম ত্রুটি রাখতে চাইছে না সরকার।
সব রকম চেষ্টা করে রাজ্যে উন্নত চিকিৎসা পরিষেবা গড়ে তোলার জন্য উদ্যোগ নিচ্ছে। আগামী দিন অঙ্গ প্রতিস্থাপনের জন্য উদ্যোগ নিতে সরকার মৌ চুক্তি করতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চিকিৎসকদের প্রশংসা করে বলেন, করোনা মোকাবিলায় ত্রিপুরা ফ্রন্ট রানার ছিল। স্বাস্থ্য দপ্তর এবং আরক্ষা প্রশাসনের উপর নির্ভর করে সরকারের ভাবমূর্তি। তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই সরকার স্বাস্থ্য পরিষেবা এবং আইনশৃঙ্খলা দিকে বিশেষ নজর দিয়ে চলেছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডঃ কিরণ গিত্যে সহ অন্যান্য আধিকারিক।

