স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট : বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার এক। সোমবার স্কুল ছুটির পর বাড়িতে যাওয়ার সময় একদল সমাজদ্রোহী বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন সড়কে শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর আক্রমন চালায়। এই ঘটনার পর রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকজন বিশালগড় থানায় ছুটে যান। এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।
এক প্রকার চাপে পরে বিশালগড় থানার পুলিশ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত অভিযুক্তর নাম রাহুল দেবনাথ। তার বাড়ি গৌতমনগর এলাকায়। বিগত কয়েক মাস পূর্বে কড়ুইমুড়া এলাকায় মোশারফ হোসেনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার হয়েছিল এই রাহুল দেবনাথ। বিশালগড় বাইপাস সহ গোটা বিশালগড় মহকুমা জুড়ে অসামাজিক কার্যকলাপে সাথে যুক্ত সে। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত রাহুল দেবনাথকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ। বিশালগড় থানার ওসি বিজয় দাস জানান সোমবার বিকালে বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে শিক্ষক রাজেশ কর চৌধুরীর উপর দুষ্কৃতিরা হামলা চালায়। এই ঘটনায় রাহুল দেবনাথ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সহসাই গ্রেপ্তার করা হবে। অপর ঘটনাটি ঘটেছে এদিন সন্ধ্যায়। গণপতির মূর্তি আনতে গিয়ে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে সেই ব্যক্তিকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনাগুলির পর বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপাহীজলা জেলা কংগ্রেস। সোমবার বিশালগড়ে ঘটে যায় এক ন্যাক্কার জনক ঘটনা।
বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে সড়কে দুষ্কৃতিরা অতর্কিত হামলা চালায় এক শিক্ষকের উপর। এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সিপাহীজলা জেলা ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিশালগড় মহকুমার মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। দাবি জানানো হয় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। জেলা কংগ্রেস নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সোমবার বিশালগড়ে অনভিপ্রেত তিনটি ঘটনা ঘটেছে। বিশেষ করে একজন সুপরিচিত শিক্ষকের উপর প্রানঘাতি হামলার ঘটনা প্রমান করে বিশালগড়ের আইন-শৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে। খবর লেখা পর্যন্ত বিশালগড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী। উল্লেখ্য, সোমবার বিশালগড়ে দুটি ঘটনা সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করেছে। প্রশ্ন উঠেছে বিশালগড়ের আইনশৃঙ্খলা নিয়ে। পুলিশ প্রশাসনের দুর্বলতা আইনশৃঙ্খলাকে দিন দিন কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

