স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, বিদ্যাজ্যোতি স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থান দখরকারি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, স্বপ্ন দেখে ভাবতে হবে কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র কাঁধে বইয়ের বোঝা নিয়ে বিদ্যালয়ে ও শিক্ষকের বাড়িতে গেলে এবং গতানুগতিক পড়াশুনা দিয়ে চলবে না। আগামী দিন দেশের জন্য বড় দায়িত্ব রয়েছে এই ছাত্র-ছাত্রীদের। মুখ্যমন্ত্রীর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন তাদের মনে রাখতে হবে অসম্ভবের মধ্যেই সম্ভব লুকিয়ে আছে। ছাত্রছাত্রীদের এখন থেকেই সমাজের দিকে গুরুত্ব দিতে হবে। তারা আগামী দিন দেশ পরিচালনা করবে। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে তাদের। তাহলেই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, বিকশিত ভারত ২০৪৭ বাস্তবায়ন হবে। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্য আধিকারিক।

