নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপে আহত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাম মনোহর লোহিয়া হাসপাতালে পৌঁছলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং কে.সি. বেণুগোপাল। গত ২০ জুলাইয়ের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের পদক্ষেপে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে যাওয়ার আগে দিল্লিতে সাংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, দেশের তরুণদের সঙ্গে এভাবে আচরণ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর অভিযোগ, শিক্ষাব্যবস্থা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তরুণদের ক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, গোটা দেশ জানে এই ব্যবস্থা ‘উইপোকার মতো ভিতর থেকে ফাঁপা হয়ে গিয়েছে’।
এদিন রাহুল গান্ধী বলেন, দেশের তরুণদের সামনে সুযোগের দরজা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা তাঁদের সামনে খোলা থাকা অন্যতম গুরুত্বপূর্ণ সুযোগ ছিল, কিন্তু সেই ব্যবস্থাটিও নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, আন্দোলনরত ছাত্ররা শুধু শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ করছেন না, তাঁরা তাঁদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলছেন।
রাহুল গান্ধীর বক্তব্য, এই বিষয়টি শুধু শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের যুবসমাজের ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। তাঁর দাবি, ভারতের ছাত্ররা বলছেন, দেশে তাঁদের ভবিষ্যৎ নেই -এটি একটি বৈধ এবং গুরুত্বপূর্ণ দাবি। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও দাবি করেন তিনি।
এরপর রাহুল গান্ধী বলেন, তিনি পুলিশের পদক্ষেপে আহত ছাত্রদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। পরে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ও কে.সি. বেণুগোপালকে সঙ্গে নিয়ে তিনি রাম মনোহর লোহিয়া হাসপাতালে পৌঁছন।

