নয়াদিল্লি, ৫ মে (হি.স.): মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে প্রাক্তন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং-এর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশ গঠনে জ্ঞানী জৈল সিং-এর অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, তাঁর জনজীবন ছিল নিষ্ঠা, সরলতা এবং দেশের সেবার এক মূর্ত প্রতীক।
উল্লেখ্য, জ্ঞানী জৈল সিং জন্মগ্রহণ করেন ৫ মে, ১৯১৬ সালে, প্রয়াত হন ২৫ ডিসেম্বর, ১৯৯৪ সালে। তিনি দেশের সপ্তম রাষ্ট্রপতি ছিলেন। ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন। তিনিই প্রথম শিখ যিনি এই সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। রাষ্ট্রপতি হওয়ার আগে কংগ্রেসের এই প্রবীণ নেতা ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

