স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মে : নরপিশাচ দাদুর পাশবিক লালসার শিকার হয়ে রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এ বি ভি পি নলছড় শাখার উদ্যোগে চন্দনমুড়া কৃষ্ণ কুমার এইচ.এস. স্কুলের ছাত্রছাত্রীরা এই মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা দোষীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানায়।
পাশাপাশি, এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং উচ্চ শিক্ষামন্ত্রী কাছে সিবিআই তদন্তের দাবি তোলে তারা। হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখে পদযাত্রার মাধ্যমে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করে।এই মৌন মিছিলটি বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন যুগ্ম সম্পাদক মুন্না দেবনাথ। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান। অভিযুক্ত দাদুর কঠোর শাস্তির দাবী করেন।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং গ্রামের বিভিন্ন সংগঠনের সদস্য ও মহিলারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সমাজে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কড়া পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় এই মিছিলে।

