Wednesday, February 4, 2026
বাড়িবিশ্ব সংবাদভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণান

ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। রাজধানী নয়া দিল্লিত রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তামিল নাড়ু বিজেপির সাবেক সভাপতি চন্দ্রপুরাম পোন্নুসামি রাধাকৃষ্ণান। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ পড়ান। এ আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সদ্য বিদায় নেওয়া ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, সাবেক ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু, সাবেক প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, সড়ক পরিবহন ও মহাসড়ক বিষয়ক মন্ত্রী নিতিন গডকারি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামিসহ ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-র অনেক নেতাই উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে এনডিএ সমর্থিত রাধাকৃষ্ণান প্রতিদ্বন্দ্বী বি সুদর্শন রেড্ডিকে ৪৫২-৩০০ ভোটে পরাজিত করেন বলে জানিয়েছে এনডিটিভি। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি রেড্ডি বিরোধী ইনডিয়া জোটের প্রার্থী ছিলেন। ভোটের পর ফল ঘোষণার সময় রাজ্যসভার মহাসচিব ও রিটার্নিং কর্মকর্তা পিসি মোদী জানান, ৭৮৭ এমপির মধ্যে ৭৬৭ জনের ভোট পড়েছে। তার মধ্যে বাতিল হয়েছে ১৫টি ভোট। কাগজেকলমে এনডিএ-র ভোট ছিল ৪২৭, যুবজনা শ্রমিকা রিথু কংগ্রেস পার্টির (ওয়াইএসআরসিপি) ১১ আইনপ্রণেতাও রাধাকৃষ্ণানকে সমর্থন দেন। এরপরও এনডিএ জোটের প্রার্থী আরও ১৪টি ভোট বেশি পেয়েছেন। অর্থ্যাৎ, বিরোধী শিবির থেকেও বেশ কয়েকজন এনডিএ সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন।

রাধাকৃষ্ণানের জয় অনুমিতই ছিল, কিন্তু এই অতিরিক্ত ১৪ ভোট নিয়েই এখন ভারতের রাজনীতিতে জল্পনা-কল্পনা চলছে, বিরোধীদের মধ্যে একে অপরের প্রতি বাড়ছে অবিশ্বাস, সন্দেহ। এর আগে গত ২১ জুলাই মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই উপরাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়েছিলেন জগদীপ ধনখড়। আনুষ্ঠানিক পদত্যাগপত্রে স্বাস্থ্য সমস্যাকে কারণ দেখালেও একাধিক সূত্রের মতে ক্ষমতাসীন দলের সঙ্গে মতবিরোধের ফলে দায়িত্ব না ছেড়ে উপায় ছিল না তার।

তাদের ভাষ্য, বিচারপতি যশভন্ত ভার্মার অভিশংসনে সরকারের যে অবস্থান তার পক্ষে থাকতে রাজি না হওয়ায় ধনখড়কে বিদায় নিতে হয়েছে।

ভারতে লোকসভা ও রাজ্যসভার সদস্যরা ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন।

১৯৫৭ সালে দক্ষিণের রাজ্য তামিল নাড়ুতে জন্ম নেওয়া রাধাকৃষ্ণান কৈশোরেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) যোগ দেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তিনি বিজেপিতে উপরের স্তরে উঠতে শুরু করেন। তিনি বেশ কয়েক বছর তামিল নাড়ু বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ওই রাজ্যের কোইমবাতোরে আসন থেকে ১৯৯৮ ও ১৯৯৯ সালে দুইবার লোকসভার এমপিও হয়েছিলেন তিনি। উপ-রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ছিলেন মহারাষ্ট্রের গভর্নর। এর আগে তিনি ঝাড়খণ্ড ও তেলেঙ্গানার গভর্নর এবং পুদুচেরির লেফটেনেন্ট গভর্নরের দায়িত্বও সামলেছেন। উপরাষ্ট্রপতি ভারতের দ্বিতীয় শীর্ষ সাংবিধানিক পদ, তিনি একইসঙ্গে উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারপারসনের দায়িত্বও পালন করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য