স্যন্দন ডিজিটাল ডেস্ক, ১০ সেপ্টেম্বর।। পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইউক্রেইনে রাশিয়ার হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়া রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তারা। ২০২২ সালের পর এই প্রথম পশ্চিমা সামরিক জোট নেটোরে কোনও সদস্য দেশ তাদের আকাশসীমায় সরাসরি রাশিয়ার ড্রোন মোকাবেলা করল। পোল্যান্ডের সেনাবাহিনী রুশ ড্রোনের আকাশসীমা লঙ্ঘনকে আগ্রাসনমূলক কর্মকাণ্ড আখ্যা দিয়েছে। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে পোল্যান্ডের চারটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরও। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, অভিযান এখনও চলছে এবং তিনি নেটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় (গ্রিনিচ মান সময় ০৬০০) মন্ত্রীপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন তিনি। পোল্যান্ডের সামরিক কমান্ড বলেছে, পশ্চিম ইউক্রেইন সীমান্তে রাশিয়ার হামলার সময় কয়েকটি ড্রোন বারবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। রাডারে ড্রোনের মতো ১০টিরও বেশি বস্তু শনাক্ত করা হয়।
এর মধ্যে যেগুলো হুমকি ছিল সেগুলো “নিষ্ক্রিয় করা হয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের আকাশসীমায় প্রবেশ করা কিছু ড্রোন গুলি করে নামানো হয়েছে। এগুলোর ধ্বংসাবশেষ সম্ভাব্য কয়েকটি স্থানে খুঁজে বের করার কাজ চলছে।” ওদিকে, মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, পডলাসকি, মাজোভিয়েকি ও লুবলিন অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সেনাবাহিনী বলেছে, “এটি আগ্রাসনমূলক কর্মকাণ্ড। আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য এ ধরনের কর্মকাণ্ড বাস্তবিকই হুমকি।” তবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের অনুরোধেও কোনও মন্তব্য করেনি। সিএনএন সাংবাদিক কাইটলান কলিন্স জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বিষয়টি নিয়ে ব্রিফ করা হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দফতরও সঙ্গে সঙ্গে কোনো মন্তব্য করেনি। ওয়ারশর সবচেয়ে বড় শপাঁ বিমানবন্দর সামরিক কর্মকাণ্ডের কারণে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, বুধবার সকালে শপাঁতে নামার কথা থাকা ফ্লাইটগুলো মোড় ঘুরিয়ে কাটোভিচে, ভ্রোৎসলাভ ও পোজনান বিমানবন্দরে পাঠানো হয়েছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, শপাঁসহ চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর মধ্যে দক্ষিণপূর্বাঞ্চলের জেসজভ–ইয়াসিওঙ্কা বিমানবন্দরও আছে, যা ইউক্রেইনে যাত্রী ও অস্ত্র পরিবহনের কেন্দ্র। ইউক্রেইনের বিমানবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতভর দেশজুড়ে, বিশেষ করে সীমান্তবর্তী ভোলিন ও লভিভ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এর আগে তারা বলেছিল, রুশ ড্রোন নেটো সদস্য পোল্যান্ডের আকাশে প্রবেশ করেছে এবং জামোস শহরকে হুমকি দিয়েছে। তবে পরে টেলিগ্রামে দেওয়া সেই বার্তা তারা মুছে ফেলে। মার্কিন ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন বলেছেন, রুশ ড্রোনের বারবার ন্যাটো আকাশসীমা লঙ্ঘন থেকে বোঝা যায়, প্রেসিডেন্ট “ভ্লাদিমির পুতিন আমাদের সংকল্প পরীক্ষা করছেন—আমরা পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোর সুরক্ষায় কতটা প্রতিশ্রুতিবদ্ধ।”

