স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট : বৃহস্পতিবার ধর্মনগরের নয়াপাড়া কালী দীঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের। তার নাম বিবেক কর। জানা যায়, দক্ষিণ নয়াপাড়া এলাকার বাসিন্দা মন্টু করের ছেলে বিবেক কর প্রতিদিনের মতোই বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার নাগাদ বন্ধুদের নিয়ে কালী দীঘিতে স্নান করতে যায়।
দিঘিতে স্নান করতে গিয়ে সাঁতার কেটে হঠাৎ করেই গভীর জলের তলায় তলিয়ে যায় সে। ঘটনাটি বুঝতে পেরে সঙ্গে থাকা বন্ধু-বান্ধবরা চিৎকার শুরু করলে আশেপাশের যুবকরা ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ধর্মনগর অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশির পর বিবেককে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।

