স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুলাই :আই সি ডি এস -এর বাজেট বরাদ্দ বৃদ্ধি করা, অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি মাসের বিল মিটিয়ে দেওয়া, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অবসরে যাওয়ার পর তাদের গেচুইটি ও পেনশনের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার রাজধানীর অভয়নগর স্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কার্যালয়ের সামনে রাজ্যভিত্তিক ধর্নায় বসে আই সি ডি এস ইউনিয়ন এবং শ্রমজীবী নারী সমন্বয় কমিটি।
তাদের বক্তব্য, আজকের আন্দোলন অঙ্গনওয়াড়ি সেন্টার গুলির এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী সহায়িকাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। লক্ষ্য করা গেছে প্রতিদিন বিভিন্ন তথ্য অ্যাপসে আপলোড করতে হচ্ছে কর্মীদের। অথচ কর্মীদের ভালো স্মার্টফোন এবং অঙ্গনওয়াড়ি সেন্টারে ওয়াইফাই প্রদান করছে না। ইন্টারনেট পরিষেবা দুর্বল থাকার কারণে সমস্যায় পড়ছে অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা। শুধু তাই নয় অঙ্গনওয়াড়ি সেন্টার গুলির মধ্যে যেসব কর্মী নিয়োজিত রয়েছেন তাদের প্রতিবছর মাত্র ১৮০০ টাকা মোবাইল বিল দিচ্ছে।
সেই টাকা দিয়ে মোবাইলের খরচ চালানো সম্ভব হচ্ছে না তাদের। এতে করে বহু শিশুরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান এদিন। আরো বলেন সরকারিভাবে একমাত্র এটাই রয়েছে যা গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবার প্রদান করে। কিন্তু সরকার বিভিন্ন ভাবে এই প্রকল্প বন্ধ করে দিতে উঠে পড়ে লেগেছে। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে দাবি করেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার হাতে একটি দাবি সনদ তুলে দেন তারা।

