স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : মঙ্গলবার সকালে জিরানিয়ায় রাজ্যের কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে চলতি রবি মরসুমের ধান কেনার কাজ শুরু হয়। জিরানিয়া মহকুমার মাধববাড়ীস্থিত আন্তঃ রাজ্য ট্রাক টার্মিনাসে আয়োজিত অনুষ্ঠানে জিরানিয়া মহকুমার অধীন বিভিন্ন এলাকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের কৃষকদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই সহানুভূতিশীল।
তাঁর নির্দেশেই ধারাবাহিকতা বজায় রেখে কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে আবারও ধান কেনার কাজ শুরু হয়েছে। কৃষকরা খোলাবাজারে ধান বিক্রি করে যে দাম পান তার থেকে অনেক বেশি দাম পান সরকারি ধান ক্রয়কেন্দ্রে। শুধুমাত্র কৃষকরাই যাতে এই সুবিধা পান তাঁর জন্য সচেষ্ট রয়েছে সরকার। সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২০৪০ টাকা দরে ধান ক্রয় করছে। এবছর রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ৩৫,০০০ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। ধান ক্রয় কেন্দ্রে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে কৃষকদের কোনোভাবেই যাতে হয়রানির শিকার না হতে হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য উপস্থিত আধিকারিকদের নির্দেশ প্রদান করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন,খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস,জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস, জিরানিয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার আধিকারিকেরা সহ অন্যান্যরা।

