স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : উল্টো রথ বিদ্যুৎপৃষ্ট হয়ে গত বুধবার কুমারঘাটে সংঘটিত হয় এক মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের। আহত হয়েছে প্রায় ১৬ থেকে ১৭ জন পুণ্যার্থী। আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সেদিনই জিবি হাসপাতালে রেফার করা হয় তাদের। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার চার দিনের মাথায় শনিবার সকালে জিবি হাসপাতালে ছুটে যান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তারা আহতদের শারীরিক অবস্থা খোঁজখবর নিয়ে ঘটনার সম্পর্কে বিস্তারিত অবগত হন। পরবর্তী সময় চিকিৎসকদের সাথেও কথা বলেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন দুঃখ প্রকাশ করে বলেন এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠেন। আপাতত নয় জন জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে বলে আশা ব্যক্ত করলেন বিধায়ক।

