বাড়িজাতীয়অমিত শাহের হাতে মেঘালয়ে অবৈধ অভিবাসন রোধ, আদিবাসী সুরক্ষা ও ভাষা-স্বীকৃতির দাবিসনদ...

অমিত শাহের হাতে মেঘালয়ে অবৈধ অভিবাসন রোধ, আদিবাসী সুরক্ষা ও ভাষা-স্বীকৃতির দাবিসনদ পেশ মুখ্যমন্ত্রী কনরাডের

শিলং, ৪ জুন (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হতে একটি স্মারকপত্র পেশ করে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্বেগ ও দাবির বিষয় তুলে ধরেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। দাবি সনদে রয়েছে অবৈধ অভিবাসন রোধ, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক সুরক্ষা এবং স্থানীয় ভাষার স্বীকৃতি।

বৃহস্পতিবার শিলঙে অনুষ্ঠিত উত্তরপূর্ব পরিষদ-এর ৭৩-তম প্ল্যানারি সেশন তথা পূর্ণাঙ্গ অধিবেশনের পর সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান, তিনি মেঘালয়ে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে মেঘালয় রেসিডেন্টস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট (এমআরএসএসএ) এবং ইনার লাইন পারমিট (আইএলপি)-এর মতো ব্যবস্থা কার্যকর ভূমিকা পালন করতে পারে। প্রসঙ্গত, এ সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যে রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে।

মুখ্যমন্ত্রী সাংমা খাসি ও গারো ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছেন। তিনি বলেন, এই স্বীকৃতি মেঘালয়ের আদিবাসী জনগোষ্ঠীর ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং বিকাশে সহায়ক হবে।

কনরাড সাংমা সংবিধানের ষষ্ঠ তফশিল সংশোধনের প্রস্তাবিত বিষয়টিও উত্থাপন করেন। তিনি কেন্দ্রকে অনুরোধ জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সব রাজ্যের সঙ্গে আলোচনা করে এমন কোনও সংশোধন আনা হোক, যা উত্তর-পূর্বাঞ্চল সহ দেশের আদিবাসী জনগোষ্ঠীর সুরক্ষা ও শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এছাড়া, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (এফসিআরএ) সংশোধন সংক্রান্ত উদ্বেগের বিষয়ও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে এনেছেন। বিশেষ করে, আইনের কিছু বিধান সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম ও সম্পদের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী সাংমা রাজ্যের বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনার জন্য অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলোর ইতিবাচক সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য