কাঙপোকপি (মণিপুর), ৫ জুন (হি.স.) : মণিপুরের কাংপোকপি জেলার অন্তর্গত নিউ কেইথেলমানবি এলাকার লোইবোল খুল্লেন গ্রামে আজ শুক্রবার ভোর প্রায় চারটা নাগাদ সশস্ত্র বন্দুকধারীর হামলায় তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মাংলুং হাওকিপের ছেলে লেটখোংগাম হাওকিপ (৩৪), তাঁর স্ত্রী টিনমেরি টুবই হাওকিপ (২৫) এবং সেইখোহাও হাওকিপের ছেলে জাংমেন্টাল হাওকিপ (৩০) বলে শনাক্ত করা হয়েছে।
গুলি বর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনায় একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এলাকায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গ্রামের মানুষ আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন বলে এক সূত্রের দাবি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ফলে গ্রামের বহু মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও সরকারি ভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশের দাবি, হামলাকারীরা বাড়িঘরে ঢুকে ঘুমন্ত গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান লেটখোংগাম হাওকিপ, তাঁর স্ত্রী টিনমেরি টুবই হাওকিপ এবং জাংমেন্টাল হাওকিপ। এছাড়া, ছয় থেকে সাতটি বাড়ি এবং একটি জিপসি ও একটি মাহিন্দ্রা বলেরো পিক-আপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে পৃথক বিবৃতিতে কুকি ইনপি মণিপুর (কেআইএম) এবং কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন (কেএসও) দক্ষিণ পশ্চিম সদর হিলস ব্লক অভিযোগ করেছে, এনএসসিএন-আইএম, জেডইউএফ (কে) এবং জেডইউএফ-কামসনের ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ক্যাডাররা বর্বরোচিত এই হামলা চালিয়েছে। তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সাধারণ মানুষের প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে সংগঠনগুলি ভারত সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলির কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
সংগঠনগুলির আরও দাবি, ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

