স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুন : ২১ দফা দাবির ভিত্তিতে শুক্রবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন। এইদিন ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করল। ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের ২১ দফা দাবির মধ্যে মুখ্য দাবি গুলি হল একটি বিশেষ নিয়োগ অভিযানের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শূন্য সরকারি পদ সমূহ অবিলম্বে পূরণ করতে হবে। দারিদ্র সীমার উপরে এবং দারিদ্র সীমার নিচে নির্বিশেষে সকল শ্রেণীর দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রতি মাসে কমপক্ষে ৫,০০০ টাকা ভাতার ব্যবস্থা করতে হবে।
নরসিংগড়ের দৃষ্টি প্রতিবন্ধী বালক ও বালিকা ক্ষমতায়ন প্রতিষ্ঠানের ছাত্রাবাসের আসন সংখ্যা বর্তমান ৫০ থেকে বৃদ্ধি করে ১০০ করতে হবে। ত্রিপুরায় একটি ব্রেইল প্রেস স্থাপন করতে হবে। ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের কল্যাণের জন্য ত্রিপুরায় ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, ২০১৬’-এর অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। ত্রিপুরায় ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের উন্নয়নের উদ্দেশ্যে একটি পৃথক প্রতিবন্ধী বিভাগ গঠন করতে হবে। এই একুশ দফা দাবির ভিত্তিতে ইতিপূর্বেও তারা ডেপুটেশন প্রদান করেছিল। কিন্তু এখনো তাদের দাবি গুলি পূরণ করা হয়নি। ফলে বাধ্য হয়ে শুক্রবার তারা পুনরায় ডেপুটেশন প্রদান করে।

