স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জুন : একদিকে পেট্রোলের মূল্য লাফিয়ে বাড়ছে। অপরদিকে রেপিডো বাইক চালকদের উপর সংস্থার পক্ষ থেকে বাইক বুস্টের নাম দিয়ে নতুন অফার চালু করে প্রভাব ফেলছে বলে অভিযোগ। গত মঙ্গলবারে এই বিষয়ে রাজধানীর ধলেশ্বর স্থিত সংস্থার কার্যালয়ে গিয়ে কথা বললে চালকদের আশ্বাস দেওয়া হয় ৪৮ ঘণ্টার মধ্যে এই পরিষেবা বন্ধ করবে তারা। এই পরিষেবার মাধ্যমে কিলোমিটার অনুযায়ী অনেক সস্তায় মিলছে বাইক পরিষেবা। কিন্তু ৭২ ঘণ্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এই পরিষেবা বন্ধ করা হয়নি।
শুক্রবার এই বিষয়ে বাইক চালকরা সংস্থার কার্যালয়ে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় বন্ধ করা যাবে না এর সুবিধা। গ্রাহকদের জন্য এই সুবিধা চালু থাকবে। তখন পাঁচ শতাধিক বাইক চালক কার্যালয় বন্ধ করে বিক্ষোভে সামিল হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ।
কিন্তু বাইক চালকরা জানিয়ে দেয় যদি এই অফার বন্ধ না হয় তাহলে তারা পরিষেবা প্রদান করা থেকে বিরত থাকবে। কারণ তেলের দাম বর্তমানে ১০৪ টাকা। যদি পাঁচ কিলোমিটার বাইক চালিয়ে গ্রাহকদের পৌঁছে দেওয়ার পর তাদের ৫০ থেকে ৬০ টাকা পাওয়া না যায় তাহলে তারা বড় ক্ষতির মুখে পড়ছে। ১৫ থেকে ২০ টাকা দিয়ে ৫ কিলোমিটার বাইক চালানো সম্ভব নয় বলে জানিয়ে দেন তারা।

