বাড়িরাজ্যজেলাশাসকের গাড়ি আটকে পড়ল মহিলাদের সড়ক অবরোধে, তখন প্রশাসনের কাল ঘাম ছুটলো

জেলাশাসকের গাড়ি আটকে পড়ল মহিলাদের সড়ক অবরোধে, তখন প্রশাসনের কাল ঘাম ছুটলো

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল : সুশাসন জামানায় ঠেলার নাম বাবাজি! দীর্ঘ একমাস ধরে যখন পানীয় জল সংকটে ভুগছিল তখন বারংবার পানীয় জলের দাবি তুলেও জেলা প্রশাসনের কানে খবর পৌঁছায়নি। বুধবার সড়ক অবরোধ করে যখন জেলা শাসকের গাড়ি আটকে দিল গ্রামের মহিলারা তখন এক মাসের মধ্যে পানীয় জলের স্থায়ী সমাধান হবে বলে সশরীরে আশ্বাস দিলেন স্থানীয় জেলা প্রশাসনিক আধিকারিকরা।

 ঘটনা বিলোনিয়া মহকুমা মাইছড়া উত্তর কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, জলের জন্য এলাকায় এক মাস ধরে হাহাকার চলছে। কয়েক মাইল পায়ে হেঁটে গিয়ে জল আনতে হয় এলাকার মহিলাদের। কারণ যেভাবে পুরনো নিয়ম অনুসারে জল দেওয়া হতো তাতে এখন জল মিলছে না এলাকাবাসীর। এমনই অভিযোগ তুলে বুধবার দুপুরে প্রমিলা বাহিনী বিলোনিয়া মহকুমার ভারত চন্দ্র নগর ব্লকের অন্তর্গত মাইছড়া উত্তর কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিলোনিয়া – ভায়া – শান্তির বাজার সড়ক অবরোধ করেন। অবরোধকারীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ব্লকের আধিকারিকদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা পথে নেমেছেন।

তাঁদের দাবি — জলের স্থায়ী সমাধান করতে হবে। যতক্ষণ না সমাধান হচ্ছে, অবরোধ চলবে। ঘটনাচক্রে ওই সময় এই সড়ক দিয়ে যাচ্ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক। তাঁর গাড়িও অবরোধে আটকে পড়ে। গাড়ি থেকে নেমে জেলা শাসক নিজে অবরোধকারী মহিলাদের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সমস্যার কথা। এরপরই তড়িঘড়ি জেলা শাসক খবর দেন জলসম্পদ দপ্তরের আধিকারিকের। কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন ব্লক বিডিও, জলসম্পদ দপ্তরের আধিকারিক, পুলিশ ও টিএসআর। পরে আসেন ভারত চন্দ্র নগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও প্রধানও। এলাকাবাসীর অভিযোগ, জলের সমস্যা নিয়ে প্রধানকে বহুবার জানিয়েও তিনি কর্ণপাত করেন নি। অবশেষে জেলা শাসকের উপস্থিতিতে জলসম্পদ দপ্তরের আধিকারিক আশ্বাস দেন — এপ্রিল মাসের মধ্যে জলের স্থায়ী সমস্যার সমাধান করা হবে। আপাতত প্রতিদিন জলের গাড়ি দিয়ে এলাকায় জল পৌঁছে দেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পরই প্রমিলা বাহিনীরা অবরোধ তুলে নেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য