স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ এপ্রিল : বুধবার শান্তিরবাজার মহকুমার ২২ নং কাঠালিয়া-মির্জা-রাজাপুর আসনের মনোনীত বামফ্রন্ট প্রার্থী পরিক্ষীৎ মুড়াসিং এবং ২৬ নং বীরচন্দ্রনগর কলসী কেন্দ্রের মনোনীত বামফ্রন্টের প্রার্থী নরেন্দ্র রিয়াং -এর সমর্থনে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনু বাজারে অনুষ্ঠিত হয় এক সমাবেশ। নির্বাচনী সমাবেশের আগে একটি মিছিল সংঘটিত হয়। এই সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক তথা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে তিপরা মথার তীব্র সমালোচনা করেন।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান শাসক গোষ্ঠীর আমলে সাধারণ মানুষের নানাবিধ সমস্যা বেড়েই চলেছে এবং উন্নয়নের ক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। যারা আজকে আই.পি.এফ.টি এবং তিপরা মথা, তাদের পূর্বসূরিরাই টি.ইউ.জে.এস এবং আই.এন.পি.টি । তারাই ত্রিপুরায় এন.এল.এফ.টি এবং টাইগার ফোর্স তৈরি করেছিল। এগুলো মানুষের কাছে ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই। ত্রিপুরার অগ্রগতির বাধা হয়েছিল তারা। তিনি দাবি করেন, স্বশাসিত জেলা পরিষদে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে সিপিআইএম প্রার্থীকে জয়ী করতে হবে। এছাড়াও তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং সরকারের ব্যর্থতার কথা তুলে ধরতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে। আসন্ন নির্বাচনে সিপিআইএম ভালো ফল করবে।
এদিনের সভায় ২২নং কাঠালিয়া-মির্জা-রাজাপুর প্রার্থী পরিক্ষীৎ মুড়াসিং এবং ২৬নং বীরচন্দ্রনগর কলসী কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী নরেন্দ্র রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং দলীয় প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনী জনসমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম শান্তিরবাজার মুহকুমার সম্পাদক আসুতোষ দেবনাথ, বামফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত সহ দুই প্রার্থী।

