স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ এপ্রিল : ত্রিপুরা উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ পর্ব খোয়াইতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষে রাতেই খোয়াই মহকুমার দুটি কেন্দ্রের মোট ৮৮ টি ইভিএম মেশিন অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মহকুমা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের স্ট্রং রুমে রাখা হয়েছে আশারামবাড়ি- হালহালি কেন্দ্রের ৪৭টি এবং রামচন্দ্রঘাট কেন্দ্রের ৪১টি ইভিএম মেশিন স্ট্রং রুমে সিল করে রাখা হয়েছে। গোটা প্রক্রিয়া রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়।
খোয়াই মহকুমার রিটার্নিং অফিসার নির্মল কুমার ঝাঁ জানান, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৪.৫৯ শতাংশ এবং আশারামবাড়ি-হাল হালি কেন্দ্রে ভোটের হার ৮০.০৫ শতাংশ। স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে রিটার্নিং অফিসার বলেন, ইভিএম-এর নিরাপত্তায় কোনো ত্রুটি রাখা হয়নি। দুটি লেয়ারে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া স্ট্রং রুমের চতুর্দিকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। রাজনৈতিক দলের এজেন্টরাও বাইরে থেকে পর্যবেক্ষণ করছে। এদিকে ভোট গণনার প্রস্তুতিও শুরু করে দিয়েছে মহকুমা প্রশাসন। মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে গণনা সংক্রান্ত একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে ভোট গণনার কাজে নিযুক্ত প্রায় ৬০ জন সরকারি কর্মচারীকে ইভিএম খোলা, ভোট গণনা, ফলাফল টেবিলে তোলা এবং অন্যান্য নিয়ম-কানুন সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

