স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বাম নারী নেত্রীদের। তাদের অভিযোগ দেশে এবং রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। এরই মধ্যে বুধবার ছিল এ আই ডি ডাব্লিউ এ -র কর্মসূচি। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে দিয়ে তারা দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে পুলিশ পথ রুখে দাঁড়ায়। তখন নারী নেত্রীরা রাস্তায় বসে পথ অবরোধ করে।
উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী কৃষ্ণা রক্ষিত। তিনি এবং তার সঙ্গে থাকা অন্যান্য নারী নেত্রীরা সরকারের দিকে আঙ্গুল তুলে বলেন, রাজ্যের জঙ্গলের রাজত্ব চলছে। দলীয় কর্মসূচিতে বিনা প্রচারসজ্জায় তারা রওনা হয়েছিলেন। তখন তাদের পুলিশ আটকে দেয়। পুলিশের সাথে ঝামেলা ঘিরে এক সময় উত্তপ্ত হয়ে উঠে এলাকা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। তাদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করার কোন উদ্দেশ্য ছিল না।
তারা আরো বলেন, রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে এবং বাইপাসে মহিলা খুনের ঘটনা সামনে এসেছে। বর্তমানে ত্রিপুরা অপরাধ নগরী হিসেবে পরিণত হয়েছে। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সরকার যদি ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে তাহলে আগামী দিন রাজপথ রক্তে ভাসিয়ে দিলেও আন্দোলন থামবে না।

