স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর :গন্ডাছড়া মহকুমা থেকে অপহরণ হওয়া সূর্যমোহন দাসকে দ্রুত উদ্ধার করা, শান্তির বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে সহযোগিতা করা, বিহারের ফলাফল ঘোষণার পর কমলপুর মহকুমায় যে ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি সেটা বন্ধ করার দাবি নিয়ে মঙ্গলবার ধলাই জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
এদিন জেলা শাসকের হাতে দাবির সনদ তুলে দেন জেলা কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্ব। তারা জানান, গন্ডাছড়া মহকুমা বারোকার্ড থেকে অপহরণ হওয়া সূর্যমোহন দাসকে অবিলম্বে অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে প্রশাসনের। দীর্ঘ ৪০ দিন ধরে তিনি নিখোঁজ। উনাকে অপহরণ করেছে বলে দুষ্কৃতিকারীদের দিকে আঙ্গুল তুললেন কংগ্রেস নেতৃত্ব। তারা আরো বলেন, শান্তির বাজারে তিপরা মথার বনধ ঘিরে ব্যবসায়ীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যাতে অবিলম্বে পূরণ করে সরকার।
সরকার যে ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ব্যবসায়ীদের সহযোগিতা করেছে সেটা দিয়ে ছিটেফোঁটাও সহযোগিতা হবে না ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারে তার জন্য সম্পূর্ণ সহযোগিতা করতে হবে সরকারের। এমনকি বিহারের ফলাফলের পর রাজ্যে শাসক দলের পক্ষ থেকে যে ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। নাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন।

