স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ :স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে অভিমানে বৈদ্যুতিক হাই ভোল্টেজ খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা—এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ধর্মনগর শহর লাগোয়া কামেশ্বর এলাকাবাসী। তবে স্থানীয়দের তৎপরতা ও দমকল কর্মীরা দ্রুত পদক্ষেপে শেষ পর্যন্ত বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। জানা গেছে, কামেশ্বর এলাকার বিশু বাবুর ইটভাটায় কর্মরত বিহার রাজ্যের বাসিন্দা সুনীল মাঝি নামের এক পরিযায়ী শ্রমিক তাঁর স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। ঝগড়ার রেশ ধরে প্রবল অভিমানে তিনি আচমকাই কাছেই থাকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক খুটির উপর উঠে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা চালান।
ঘটনাটি নজরে পড়তেই ইটভাটার অন্যান্য শ্রমিক ও স্হানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁরা সুনীল মাঝিকে নিচে নামানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ধর্মনগর দমকল দপ্তরে খবর দেন। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, আত্মহত্যার উদ্দেশ্যেই তিনি এমন বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছিলেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে দীর্ঘ সময় ধরে তাঁকে বোঝানোর পর অনুরোধ করলে সুনীল মাঝি নিজেই হাই ভোল্টেজ লাইন থেকে নিচে নেমে আসেন। এতে পরিবারের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

