স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৭ সেপ্টেম্বর ।। ‘রাহুল গান্ধী ব্রিটেনের নাগরিক’, এমনই বিস্ফোরক দাবি করে এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন ভিগ্নেশ শিশির নামে এক বিজেপি নেতা। এবার তাঁকেই সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ভিগ্নেশের দাবি ছিল, নিজের ব্যবসা চালানোর জন্যই ব্রিটেনের নাগরিকত্ব নেন রাহুল।
রাহুলের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন সে বিষয়ে বিশদ তথ্য জানার জন্য ভিগ্নেশকে সমন পাঠানো হয়েছে ইডির তরফে। ইডি জানতে চায়, রাহুল গান্ধীর কোথায় বিদেশি সংস্থা রয়েছে বা কোন বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA)-এর কোনও নিয়ম ভঙ্গ করা হয়েছে কিনা? বিজেপি নেতা নিজেই জানিয়েছেন, তাঁকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছে এবং আগামী ৯ সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার শেষ শুনানিতে আদালতে ভিগ্নেশ দাবি করেছিলেন, ব্রিটেনের সরকার রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে ভারত সরকারের সঙ্গে তথ্যের আদান প্রদান করেছে। আদালতে মামলা করার জেরে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও তাঁকে নোটিস পাঠানোর কথা জানিয়েছিলেন বিজেপি নেতা। এবার সেই মামলায় যাবতীয় তথ্য জানতে মামলাকারী ভিগ্নেশকে নোটিস পাঠাল ইডি।

