স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট : কমলপুর থানার মানিক ভান্ডার পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম অনিমেষ দাস। পেশায় সে একটি কুরিয়ার সার্ভিসের কর্মী। তার বাড়ি কমলপুরের হারের খোলা এলাকায়। জানা যায় বৃহস্পতিবার দুপুরে কমলপুরের মানিক ভান্ডার পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় কোরিয়ার সার্ভিসের একটি গাড়ি দাড় করিয়ে গাড়ি থেকে মাল আনলোড করা হচ্ছিল। সেই সময় কুলাই জেলা হাসপাতাল থেকে একটি নতুন অ্যাম্বুলেন্স বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের দিকে যাওয়ার সময় কোরিয়ার সার্ভিসের গাড়ির জানালায় ধাক্কা মারে।
এতে কোরিয়ার সার্ভিসের কর্মী অনিমেষ দাস গুরুতর ভাবে আহত হয়। অ্যাম্বুলেন্সের চালক মহম্মদ হোসেন আহত ব্যাক্তিকে অ্যাম্বুলেন্সে করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহত অনিমেষ দাসের অবস্থা স্থিতিশীল। তবে তার মুখে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য কুলাই জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে।

