স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ জুন :রাজ্যে প্রথমবারের মতো একটি সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। শনিবার দুপুরে উদয়পুরের চন্দ্রপুর এলাকায় অবস্থিত ইন্টিগ্রেটেড ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব গিত্যে কিরণ গিত্যে। তিনি জানান, আপাতত চন্দ্রপুর এলাকায় অস্থায়ীভাবে কলেজটি চালু করা হচ্ছে।
এখানে ইতিমধ্যেই ক্লাসরুম, ফ্যাকাল্টি রুম, হাসপাতালের ওপিডি ও আইপিডি পরিষেবা সহ প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রথম পর্যায়ে এই কলেজে বিএমএস কোর্সে ৬০ টি আসনে ভর্তি নেওয়া হবে। এর ফলে ত্রিপুরার ছাত্রছাত্রীদের আর আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা গ্রহণের জন্য রাজ্যের বাইরে যেতে হবে না। তিনি আরও জানান, কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে উদয়পুরের টেপানিয়া এলাকায়। সেখানে নির্মাণ কাজ সম্পূর্ণ হলে চন্দ্রপুর থেকে স্থায়ীভাবে কলেজটি স্থানান্তর করা হবে।

