স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা। ১৯ আগস্ট : মঙ্গলবার ১৯ শে আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৭ তম জন্ম জয়ন্তীর মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্তৃক আয়োজিত এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রতীকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তারপর মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের সম্পর্কে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি প্রত্যেক মানুষের উনার সম্পর্কে জানা প্রয়োজন।
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য হিন্দু ধর্মের হয়েও তিনি সব ধর্মের প্রতি আস্থা ও ভালোবাসা প্রকাশ করেছেন। রাজ্যের মধ্যে সমস্ত ধর্মের মানুষের মধ্যে যাতে ভাতৃত্ব বজায় থাকে সেদিকে গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু বর্তমানে কিছু লোক চাইছে কিভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। আর যার মধ্যে নিজের রুটিটা সেঁকে নিতে পারে। সরাসরি দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রসঙ্গ টেনে বলেন, তিনি দাবি করছেন ভোট চুরি করার চেষ্টা চলছে। কিন্তু তিনি ভুলে গেছেন, আঙ্গুল তোলার আগে নিজের দিকে আরো চারটা আঙ্গুল উঠবে। তাদের সরকারের সময় শুধুমাত্র দুর্নীতি হয়েছে। এখন যখন স্বচ্ছতার রূপ দিতে সরকার চেষ্টা করছে তখন বিভিন্নভাবে ভোট চুরির অভিযোগ তুলে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছেন রাহুল গান্ধী। অথচ নির্বাচন কমিশনকে একটি প্রমাণ পর্যন্ত দিতে পারছেন না তিনি। শুধুমাত্র পার্লামেন্টের ভেতরে এবং বাইরে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে রাহুল গান্ধী। মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৪২ সালে আগরতলায় বিমানবন্দর স্থাপন করেছেন।
অথচ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে এত বছর ধরে সম্মান দেওয়া হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়ে মহারাজার প্রতি সঠিক সম্মান দিয়ে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর করা হয়েছে। তিনি যে কাজ করে করে গেছেন সেগুলোর প্রতি বর্তমান সরকার যথার্থ সম্মান করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, জাতপাত ধর্ম যে যার জায়গায় রয়েছে। কিন্তু সকলকে সব ধর্মের প্রতি সম্মান জানাতে হবে। সবচেয়ে উর্ধ্বে আমরা ভারতীয়। তাই দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে একটি সুষ্ঠু পরিবেশ দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নেশা থেকে বিরত থাকতে হবে বর্তমান প্রজন্মকে। এবং যারা নেশার সাথে জড়িয়ে আছে তাদের সনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাহলেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ত্রিপুরাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেটা আগামী দিন বাস্তবায়ন হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আয়োজিত এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতী সিং দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।

