স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ আগস্ট : বিছানায় শয্যাশায়ী বৃদ্ধ দম্পতি। চিকিৎসা করার মত অর্থ নেই অসহায় দম্পতির কাছে। অসহায় দম্পতির পাশে দাঁড়িয়ে সরকারি সহযোগিতার দাবি করলেন বিশালগড় নদীলাক এলাকার গ্রামবাসী। গ্রামবাসী জানান দম্পতির দুই ছেলে। দুই ছেলেই দিনমজুর। পরিবারের আর্থিক অবস্থা এতটাই করুন যে চিকিৎসা করতে গিয়ে তাদের একবেলা ভাত খাওয়ার মত অবস্থা পর্যন্ত হারিয়ে ফেলছে।
বাড়ির গৃহকর্তার নাম শানু মিয়া এবং উনার স্ত্রীর নাম মনোয়ারা বেগম। গত ছয় মাস ধরে দুজন বিছানায় শয্যাশায়ী। মনোয়ারা বেগম কিডনি রোগে আক্রান্ত এবং শানু মিয়া ক্যান্সারে আক্রান্ত। প্রতিনিয়ত তাদের ডায়ালিসিস এবং কেমু থেরাপি দিতে হয়। গ্রামবাসী যথাসাধ্য অনুযায়ী আর্থিক সহযোগিতাও করেছে। কিন্তু গ্রামবাসীর পক্ষ থেকে আর সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। তাই বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের উদ্দেশ্যে দাবি করেন তাদের আর্থিক সহযোগিতা করার জন্য। কারণ তারা বিষয়টি এলাকার বিধায়কের কাছে জানিয়েছেন।
তিনি এসেছিলেন, তিনি বলেন কাগজপত্র দিতে। তিনি চেষ্টা করবেন সামাজিক ভাতা দেওয়া যায় কিনা। কিন্তু অসহায় পরিবারের বর্তমান পরিস্থিতি এতটাই করুন যে সামাজিক ভাতা কবে মিলবে সেই আশায় বসে থাকলে চলবে না। সরকার যদি এগিয়ে না আসে তাহলে অসহায় পরিবারের পেছনে খুঁটি থাকবে না। চিকিৎসার অভাবে মৃত্যু হতে পারে বলে ধারণা করছে গ্রামবাসী।

