স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ আগস্ট :সোমবার মহাকরণের ২ নং কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্য দুর্যোগ মোকাবেলা পরিকল্পনার প্রকাশ করা হয়। একই সাথে রাজস্ব দপ্তরের বিভিন্ন উদ্যোগের সুচনা করা হয়। সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন ফলক উন্মোচন করে রাজস্ব দপ্তরের বিভিন্ন উদ্যোগে ও রাজ্য দুর্যোগ মোকাবেলা পরিকল্পনার সুচনা করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দুর্যোগ কাকে বলে এবং দুর্যোগ কি ভাবে মোকাবেলা করতে হয় ২০২৪ সালের আগস্ট মাসে সেই অভিজ্ঞতা সকলে অর্জন করেছে।
২০২৪ সালের বন্যা থেকে অনেক কিছু রাজ্যের মানুষ শিখেছে। আগাম প্রস্তুত থাকার ফলে বন্য সহ বিভিন্ন সময়ের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হয়েছে। যে কোন সময় যে কোন দুর্যোগ হলে তা মোকাবেলা করার জন্য এইদিন দুর্যোগ মোকাবেলা পরিকল্পনার সুচনা করা হয়েছে। আপদা মিত্র, সিভিল ডিফেন্স কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে। তার জন্য আউট সোরসিং-এর প্রয়োজন হলে নিতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। তাহলে অনেক কাজ সহজ হয়ে যাবে।
অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রকল্পের সুচনা হয়েছে এইদিন। একই সাথে ত্রিপুরা রাজ্যেও এই প্রকল্পের সুচনা হয়েছে। এই প্রকল্পে রাজ্যের ২ হাজার ৮৮০ জন স্বেচ্ছা সেবককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন যে কোন দুর্যোগের পূর্বে আগাম পূর্বাভাসের উপর গুরুত্ব দিতে হবে। বিলোনিয়াতে ড্রপলার ওয়েদার রাডার বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, রাজস্ব দপ্তরের সচিব, পশ্চিম জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

