স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ আগস্ট : সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হলো সনাতন ধর্ম। সনাতন ধর্ম মনে করে কোন এক শুভ কাজ শুরু দান দিয়ে করলে মঙ্গল হয়। সেটা রক্তদান, বস্ত্রদান কিংবা যে কোন দান হতে পারে। বর্তমানে দেখা যাচ্ছে সন্তানের অন্নপ্রাশন, জন্মদিন কিংবা মা-বাবার শ্রাদ্ধানুষ্ঠানে রক্তদানের মতো শুভ কাজ শুরু করছে সনাতন ধর্মের মানুষ। কারণ এই দান গুলির মাধ্যমে ভগবানকে খুশি করা যায়।
যেমন স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষকে পূজা করো। মানুষ যদি খুশি হয়, তাহলে ভগবান খুশি হবে। রবিবার অরুণ উদয় সংঘের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক রক্তদান শিবিরে এই কথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, যত দান আছে তার মধ্যে সবচেয়ে মহৎ দান হলো রক্তদান। কারণ চিকিৎসকরা ওষুধ দিয়ে রক্তের বিকল্প তৈরি করতে পারেন না। রক্তের বিকল্প একমাত্র একে অপরের পাশে দাঁড়ানো।
মন্ত্রী আরো বলেন সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সকলে যাতে রক্তদানে এগিয়ে আসে। পূর্বতন সরকারের সময় রক্তদান বিশেষ সময়ে হত। কিন্তু বর্তমানে রক্তদান গণআন্দোলনে পরিণত করার জন্য মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। কিন্তু এর মাঝে কোভিড মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারপর কোভিড কাটিয়ে উঠে বর্তমানে রক্তদান গণ আন্দোলনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। আয়োজিত রক্তদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ ক্লাবের কর্মকর্তারা। মন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করে উদ্যোক্তাদের প্রশংসা করেন। উল্লেখ্য, বর্তমান সরকারের সময়ে বিরোধীদলের পক্ষ থেকে আয়োজিত রক্তদান কর্মসূচিতে আক্রমণের হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে এমনটা অভিযোগ তুলেছিল রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম।

