স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুন : বিদ্যুতিক লাইন আছে, অথচ বিদ্যুৎ বিভ্রাটের জন্য সারাদিন কাজ করে বাড়ি ফিরে ঘরে বাইরে ঘুমাতে হচ্ছে। বিদ্যুৎ নিগমের অফিসে ফোন করলে মোবাইল কিছুক্ষণ পর সুইচ অফ করে ফেলছেন বিদ্যুৎ নিগমের কর্মীরা। তাই বিদ্যুৎ নিগমের গাড়ি আটকে জবাব চাইলেন আমজনতা। এই ঘটনা কমলা সাগরের ত্রিশ কার্ড এলাকায়। অভিযোগ, বিদ্যুৎ অফিসের তালবাহানায় বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে শত শত মানুষ। বারবার মধুপুর বিদ্যুৎ নিগমের অফিসে ফোন করার হলে মোবাইল সুইচ অফ করে ফেলছেন কর্মীরা। ২৪ ঘন্টার মধ্যে দুই ঘন্টা ও বিদ্যুৎ পাচ্ছে না এলাকার জনগণ। মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় বিদ্যুৎ নেই।
বারবার ফোন করেও কাজ হয়নি। অসহ্য গরমের জন্য ঘরের বাইরে উঠোনে ঘুমাতে হচ্ছে মানুষকে। ছেলে মেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তাই বুধবার সকাল আটটা নাগাদ অফিসের একটি গাড়ি এলাকায় আসে বিদ্যুৎ মেরামত করার জন্য। তখন এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে সেই বিদ্যুৎ অফিসের গাড়িটিকে আটক করে বিক্ষোভে শামিল হয়। এলাকার মহিলাদের দাবি বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এলাকায় আসতে হবে এবং বিদ্যুৎ লাইন সারাই করে দিতে হবে। তারপর বিদ্যুৎ নিগমের গাড়ি ছাড়া হবে। কারণ বিদ্যুতের জন্য তাদের পানীয় জলের সমস্যাও হচ্ছে। রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে বিদ্যুৎ। এমনটাই দাবি এলাকাবাসীর। শেষ পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ধরনের আন্দোলন গত দু বছর ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। বিদ্যুৎ পরিষেবা এক প্রকার ভাবে মুখ থুবড়ে পড়েছে বলে অভিযোগ। বিদ্যুৎ ও পানীয় জলের জন্য মানুষকে প্রতিদিনই রাস্তায় নামতে হচ্ছে। অথচ কে শুনে কার কথা এমনটাই অভিভাবকের অবস্থা।

