স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুন: রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য দাবি করলেন মন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, শব্দ প্রয়োগ করার আগে এর অর্থ বুঝে নিতে হবে। নাহলে মানুষের কাছে ভুল বার্তা যাবে। তবে কেউ কেউ শব্দ বুঝতে ভুল করলে হইহুল্লোর করেন। রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরীর অবস্থা ঠিক তেমনই। বিধানসভাতে জিতেন্দ্র চৌধুরিকে তার চিন্তাধারার জাতের নমুনার কথা বলা হয়েছিল।
কিন্তু তার মস্তিষ্কহীন রাজনৈতিক ভাবনায় পৌঁছায়নি সেখানে। বরং তিনি বলেছিলেন উপজাতি নিয়ে কথা বলে অপমান করা হয়েছে। ইদানিং আবারো তিনি শব্দের অর্থ না বুঝার পরিচয় দিলেন। সোমবার এক মহকুমায় গিয়ে জিতেন বাবু বক্তব্য রাখতে গিয়ে বলেন, লম্বা যত আম্মুখ তত। আরো বলেছেন বিজেপি বাটপার, তিপরা মথা বাটপার এবং আসামে একজন বাটপার আছে। কিন্তু তিনি একবারও ভাবেননি ত্রিপুরা রাজ্য ছাড়া দেশের অন্যান্য রাজ্যে বহু কমিউনিস্ট নেতৃত্ব রয়েছেন যারা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব থেকে অনেক বেশি লম্বা। সুতরাং তিনি বুঝিয়েছেন তারাও আম্মুখ। দেশের এবং বিশ্বের বহু লেখক, চিত্রশিল্পী, সিনেমার নায়ক, খেলোয়াড়, যুদ্ধা এবং বৈজ্ঞানিক রয়েছেন তারা দৈহিক দিক দিয়ে অনেক বেশি উচ্চতা সম্পন্ন। বিশেষ করে ভারতবর্ষের সাধারণ উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি থেকে ৫ ফুট ৪ ইঞ্চি পর্যন্ত। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৫ ফুট ৫ ইঞ্চি। অর্থাৎ ভাষাগত জ্ঞান কম থাকলে যা হয় সেটাই হয়েছে জিতেন বাবুর।
মন্ত্রী বলেন, জিতেন বাবু যদি সুস্থ থাকেন তাহলে প্রকাশ্যে সকলের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন। আর তিনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে তাকে চিকিৎসা করা প্রয়োজন। কারণ দলের নেতা যদি অসুস্থ হয় তাহলে সেটা অত্যন্ত চিন্তা জনক। নাহলে দলের কর্মীরা দল ত্যাগ করতে বাধ্য হবে। তিনি আরো বলেন, জিতেন বাবু আবার বলছেন বিজেপি বাটপার। কিন্তু গত সাত বছরে যে উন্নয়ন রাজ্য হয়েছে সেটা উনার বোঝা দরকার। প্রয়োজনে জিতেন বাবু প্রকাশ্যে আলোচনায় আসুক। গত সাত বছরের যত উন্নয়ন হয়েছে তা গত ৫৫ বছরের রাজনীতিতে দেখেননি বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। জিতেন বাবু আবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মাকে বাটপার বলেছেন। তিনি বলেছেন আসামে একজন বাটপার আছে। আগে স্বাস্থ্য মন্ত্রী ছিলেন, এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু জিতেন বাবু জানেন না, দেশের মধ্যে কয়েকজন দক্ষ মুখ্যমন্ত্রীর মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা একজন। জিতেন বাবু আবার তিপরা মথাকে বাটপার বলছেন। কিন্তু তিপরা মথা কোথায় কি বাটপারি করেছে প্রশ্ন তোলেন রতন লাল নাথ। তিনি আরো বলেন, বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে জনজাতি অংশের মানুষ হয়রানি শিকার হয়েছে। তাদের জন্য কোন উন্নয়ন হয়নি। তাই জিতেন বাবুর শব্দের ভ্রাম্য নেই। উনাকে কিভাবে দলের সম্পাদক, বিরোধী দলনেতা এবং পলিটব্যুরোর সদস্য করেছেন তা নিয়ে দলের উদ্দেশ্য প্রশ্ন তোলেন মন্ত্রী রতন লাল নাথ। এভাবেই বিরোধী দলনেতাকে এদিন তীব্র ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী রতন লাল নাথ।

