স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : তেলিয়ামুড়ার ভগ্নপ্রায় ট্রাফিক ব্যাবস্থার কঙ্কালসার চেহারা ক্রমশই প্রকাশ্য। ট্রাফিক সংক্রান্ত অব্যাবস্থার কারণে প্রায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়ার শহরের প্রাণ কেন্দ্র অম্পি চৌমুহনীতে পথ দুর্ঘটনায় ৫০ ঊর্ধ বৈষ্ণব ধর্মাবলম্বী এক মহিলার মৃত্যুতে আবারও বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ট্রাফিক ব্যাবস্থা নিয়ে।
জানা গেছে মৃতা বৃদ্ধা উমা রানী দেবনাথ গোস্বামী কল্যাণপুরের কোন একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে এদিন জিরানিয়া থানাধীন মোহনপুরে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশা থেকে নেমে অম্পি চৌমুহনীতে আগরতলার গাড়িতে উঠার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় TR 01Z 1672 নাম্বারের একটি তেলবাহী ট্যাঙ্কার মহিলাকে সজোড়ে ধাক্কা মারে।
রাস্তায় লুটিয়ে পড়েন উমা রানী দেবনাথ গোস্বামী। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সহায়তায় মহিলাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘ প্রায় এক বছর যাবত অম্পি চৌমুহনির মত ব্যাস্ততম এলাকার ট্রাফিক সিগন্যাল ব্যাবস্থা খারাপ হয়ে পড়ে রয়েছে। ট্রাফিক ও পুর পরিষদের ঠেলাঠেলির জেরে আজ শেষ পর্যন্ত সারাই হয়নি। যার জেরে এই ঘটনা বলে দাবি স্থানীয়দের।

