স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল কল্যাণপুর ঘিলাতলী পুলিশপাড়া গ্রামের মানুষ। মঙ্গলবার রাতের টানা বর্ষণে এলাকার পথঘাট জলে টইটম্বু। মুষলধারার বৃষ্টিতে কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলী পঞ্চায়েতের পুলিশপাড়া গ্রামের বাসিন্দা মুরারী সরকারের বাড়িতে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। দীর্ঘ পুরনো বসত ঘর ধসে পড়ে গৃহকর্ত্রী সহ চারটি গবাদি পশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত মহিলার নাম সাবিত্রী সরকার।
বয়স ৫৬ বছর। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানা যায়, কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের পুলিশপাড়া গ্রামের বাসিন্দা মুরারী সরকারের বাড়ির একটি পুরোনো মাটির ঘর ভোররাতে হঠাৎ ধসে পড়ে। সেই সময়ে ঘুমিয়ে থাকা বাড়ির গৃহকর্ত্রী সাবিত্রী সরকার মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সেই সময়ে ঘরের চারটি গবাদি পশুরও নির্মম মৃত্যু হয়। বৃষ্টি থামলে বাড়ির মানুষের আর্ত চিৎকারে আশপাশের স্থানীয় মানুষেরা এগিয়ে এসে মহিলার নিথর দেহ মাটির নিচ থেকে তুলে কল্যানপুর হাসপাতালে নিয়ে যায়।
অভিযোগ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার প্রিয়াংকা দাস দুর্ঘটনায় মৃত দেহের ময়না তদন্ত না করেই মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকার স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, মন্ডল সভাপতি জীবন দেবনাথ সহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। পুনরায় মৃতদেহ কল্যাণপুর হাসপাতালে নিয়ে এসে ময়না তদন্ত করানো হয়। এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী জানায় ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। স্বজন হারানো পরিবারের পাশে রাজ্য সরকার পাশে থাকবে। এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

