স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ এপ্রিল : সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। আগামী ২ মে থেকে শুরু হবে টি বি এস সি পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। আগরতলার ৬ টি ভ্যানুতে উত্তর পত্র মূল্যায়নের কাজ চলবে। এর মধ্যে চারটি সেন্টারে মাধ্যমিকের খাতা দেখা হবে। এগুলি হল বানীবিদ্যাপীঠ, বোধজং বালিকা বিদ্যালয়, নেতাজী সুভাষ বিদ্যানিকেতন, উমাকান্ত একাডেমী।
অন্যদিকে বড়দোয়ালী এবং মহারানী তুলসীবতি বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের উত্তর পত্র মূল্যায়ন করা হবে। বৃহস্পতিবার পর্ষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান সভাপতি ডঃ ভবতোষ সাহা। এবছর ২৬৫২ পরীক্ষক এই কাজে নিযুক্ত রয়েছে। প্রধান পরীক্ষক রয়েছে ১১০ জন। এই বছর মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮,১৩০জন এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩,৪৫৩ জন। দুটি ক্ষেত্রে মোট ৪.৪ লক্ষ উত্তর পত্র মূল্যায়ন করা হবে। প্রতিদিন পরীক্ষক ১৮ টি করে খাতা দেখবে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উত্তর পত্র মূল্যায়ন পক্রিয়া চলবে বলে জানান তিনি। আগামী ২০ মে-র মধ্যে উত্তর পত্র মূল্যায়নের কাজ শেষ করা হবে বলে জানান পর্ষদ সচিব। এরপর দশ জুনের মধ্যে ফলাফল প্রকাশের উদ্যোগ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

