স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : সরকারের অন্তিম মন্ত্রিসভা বৈঠকের আগে দফায় দফায় আন্দোলনের রণকৌশল পরিবর্তন করছে ১০,৩২৩ -এর সংগঠনগুলি। শুক্রবার যৌথ মঞ্চ ১০,৩২৩ -এর পক্ষ থেকে এক বৈঠক এর আয়োজন করা হয়। বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত আগরতলা প্রেস ক্লাবের সামনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরেন যৌথ মঞ্চ ১০,৩২৩ -এর নেতা বিজয় কৃষ্ণ সাহা। তিনি জানান, সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে।
বিবৃতির তীব্র বিরোধিতা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গত কয়েকদিন আগে যে কথা বলেছিলেন তারও ইতি টেনে দিয়েছে এই উপদেষ্টা কমিটি গঠন করে। এর দ্বারা স্পষ্ট ১০,৩২৩ এর সাথে মুখ্যমন্ত্রী প্রতারণা করেছে। তারই প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি সকাল ১১ টায় আগরতলা প্যারাডাইস চৌমুনিতে ১০,৩২৩ -এর শিক্ষক-শিক্ষিকারা সমবেত হবে। ঐদিন সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে জবাব চাওয়া হবে। আর যদি রাজ্য সরকার এর মধ্যে ১০,৩২৩ -কে বিদ্যালয় মুখী করে তাহলে আর কোন সমস্যা থাকবে না বলে জানান বিজয়কৃষ্ণ সাহা। এদিন রাজ্যে ১০,৩২৩ এর অন্যান্য সংগঠনগুলোকে এগিয়ে আসতে আহ্বান জানান বিজয়কৃষ্ণ সাহা। আরো বলেন এদিন সমবেত হয়ে যা যা করার তার ঘোষণা দেওয়া হবে। এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করারও চেষ্টা করা হবে। আর এই দিন শেষবারের মতো সরকারের প্রধানের কাছে যাবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, সরকারের উপর ১০,৩২৩ যে আশাবাদী ছিল তাতে জল ঢেলেছেন মুখ্যমন্ত্রী। ১৫ জানুয়ারির মধ্যে যদি মুখ্যমন্ত্রী বিদ্যালয় মুখি না করে তাহলে ১৬ জানুয়ারি জেনে যাবেন কতটা শক্তি ১০,৩২৩ এর। এভাবেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সংগঠনের নেতা। ১৬ জানুয়ারি মহা মিছিলে সকলকে এগিয়ে আসতেও আহ্বান জানান। আয়োজিত এই দিনের সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ডালিয়া দাস জানান, সরকারের যদি উপদেষ্টা কমিটি গঠন করে ১০৩২৩ -কে চাকরির প্রদান করার ইচ্ছে থাকতো তাহলে সরকার ৩৬ মাসে এই সিদ্ধান্তে আসতে পারতো। কিন্তু দেখা গেছে সরকার আবারো ঝুলিয়ে রাখার জন্য উপদেষ্টা কমিটি ভোটের মুখে এসে গঠন করেছে। এর তীব্র বিরোধিতা জানানো হচ্ছে। এবং তিনি সরকারের উপদেষ্টা কমিটিকে ললিপপ বলে সমালোচনা করেন। আরো বলেন এই সরকারের প্রতিশ্রুতি এবং কাজে কোন মিল নেই। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন চাকুরিচ্যুত শিক্ষক কমল দেব সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনের পর এদিন শিক্ষা দপ্তরের গঠন করা উপদেষ্টা কমিটি প্রত্যাহার করার জন্য বিক্ষোভ দেখায় যৌথ মঞ্চের চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা।

