স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুলাই: আগরতলা পুর নিগমের বিভিন্ন প্রকল্প ও পরিকাঠামোর শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন প্রকল্প ও পরিকাঠামোর উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগরতলা শহরকে ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে। আগরতলা শহরের চার পাশে রিং রোড করা হচ্ছে। এই রিং রোড হয়ে গেলে সকলের সুবিধা হবে। পুস্পবন্ত প্যালেসের ঐতিহ্যকে ধরে রেখে সেখানে আধুনিক মানের হোটেল নির্মাণ করা হবে। এইটা হয়ে গেলে সেখানে দেশ বিদেশের লোক আসবে। এই হোটেলে ২০০ লোকের সরাসরি কাজের সংস্থান হবে।
পরোক্ষ ভাবে আরও ২০০ লোকের কাজের সংস্থান হবে। পিএম আবাস যোজনা আরবান ৭৯ হাজার ৮৭৮ টি ঘরের অনুমোদন পাওয়া গেছে। তার মধ্যে ৯৬ শতাংশ ঘর ইতিমধ্যে নির্মাণ হয়ে গেছে। বাকি ঘর গুলির কাজও সম্পন্ন হওয়ার পথে রয়েছে। দ্বিতীয় পর্যায়ে পিএম আবাস যোজনা আরবানে আরও ৪ হাজার ৩০০ ঘরের অনুমোদন পাওয়া গেছে। আগরতলা শহরে স্মার্ট সিটি প্রকল্পে প্রায় ৫৮১ কোটি টাকা খরচ করা হয়েছে। বহিঃরাজ্যের বিনিয়োগকারিরা রাজ্যের বিভিন্ন স্থানে বিনিয়োগ করতে চাইছে। এয়ারপোর্ট সড়ককে ফোর লেন করা হয়েছে। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় শহর আগরতলাকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, প্রযুক্তিনির্ভর ও নাগরিক-বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে।
প্রযুক্তিকে ব্যবহার করে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক, সহজলভ্য এবং মানসম্মত নাগরিক পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই মূল লক্ষ্য। উন্নয়নের এই যাত্রায় কাজের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছাতে চায় সরকার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমার সরকার পোর্টাল খোলার ফলে গ্রামিন এলাকার মানুষের সুবিধা হচ্ছে। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বৃহস্পতিবার আমার আগরতলা শহর অ্যাপের উদ্বোধন করা হয়েছে। এতে আগরতলা শহর এলাকার মানুষের সুবিধা হবে। মশা মুক্ত আগরতলা করার লক্ষ্যে সরকার কাজ করছে। কভার ড্রেইন নির্মাণ করার ফলে আগরতলা শহরে মশার উপদ্রব অনেকটা হ্রাস পেয়েছে। কারো বাড়িতে যেন জল জমা না থাকে সেই দিকে সকলের লক্ষ্য রাখতে হবে। এইদিন আগরতলা শহরের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করতে বর্জ্য পরিবহনকারি ৫১ টি মিনি অটোর সূচনা করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার সহ অন্যান্যরা।

