বাড়িরাজ্যআইনজীবীরা কালো কোর্ট খুলে রাস্তায় নামার হুঁশিয়ারি

আইনজীবীরা কালো কোর্ট খুলে রাস্তায় নামার হুঁশিয়ারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুলাই:  ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল ঊনকোটি জেলার আইনজীবীরা। ঘটনার বিবরণে জানা যায় ২১ জুলাই সন্ধ্যার সময় কুমারঘাটের বেতছড়া এলাকায় কৈলাসহর আদালতের আইনজীবী বিশ্বজিৎ দেববর্মা বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন। আইনজীবী বিশ্বজিৎ দেববর্মাকে উদ্ধার করে কুমারঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেন। আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার অবস্থা সংকটজনক হওয়ায় ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা বিশ্বজিৎ দেববর্মাকে রেফার করে দেন অন্যত্র।

 বিশ্বজিৎ দেববর্মাকে আসামের শিলচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ধর্মনগরে এম্বুলেন্সের মধ্যে মৃত্যু হয়। বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর পর কৈলাসহর সহ গোটা ঊনকোটি জেলার আইনজীবীরা বিক্ষোভে ফেটে পড়েন। বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলা আদালতের আইনজীবীরা একত্রিত হয়ে উনকোটি জেলার ভারপ্রাপ্ত মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপন ভট্টাচার্যকে ঘেরাও করে এবং ডেপুটেশন প্রদান করে। পরবর্তী সময় ঊনকোটি জেলা আদালতের সরকারি আইনজীবী সন্দীপ দেবরায় জানান আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর জন্য ঊনকোটি জেলার কুমারঘাট এবং ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা দায়ী। চিকিৎসকদের গাফিলতির জন্যই আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বিশ্বজিৎ দেববর্মাকে প্রাথমিক কোনো ধরনের চিকিৎসা পরিষেবা দেন নি। উল্টো বিশ্বজিৎ দেববর্মার সাথে খারাপ আচরণ করা হয়েছে। তাই আগামী ৪৫ দিনের মধ্যে যদি চিকিৎসকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় তাহলে শুধুমাত্র ঊনকোটি জেলাতেই নয়, গোটা ত্রিপুরা রাজ্যে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। আইনজীবীরা নিজেদেরকে রক্ষা করতে কালো কোর্ট খুলে রাস্তায় নেমে প্রকাশ্যে আন্দোলনে নামবে বলেও জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য