স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ জুলাই: দিল্লির যন্তর মন্তরের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ আন্দোলন অব্যাহত রইল রাজধানী আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকাতেও। ছাত্র-ছাত্রীরা এদিন একাধিক প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের ব্যর্থতার কারণে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত প্রায় কুড়ি জনের ওপরে ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। এই ঘটনার জন্য তারা দিল্লির সরকারকেই দায়ী করেছে পাশাপাশি তাদের আরও অভিযোগ যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশকে দিয়ে লাঠিচার্জ করিয়ে সরকার বর্বরতার পরিচয় দিয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বললেন ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস। প্রশ্নপত্র ফাঁস মামলার বিচারের জন্য ফাস্ট ট্রাক কোর্ট গঠনে ঘোষনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এই সিদ্ধান্তে খুশি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন নীট প্রশ্নপত্র ফাঁস ঘটনায় সরকার কথা বলার জন্য সংসদের ভেতরে প্রস্তুত। কিন্তু তা না করে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেস দল বিক্ষোভ প্রদর্শন করে গোটা বিষয়টাকে অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে।
এদিকে বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজধানী দিল্লি সহ বাকি প্রদেশগুলোতেও নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিরোধী রাজনৈতিক দল একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এই ঘটনার প্রতিফলন ঘটেছে ত্রিপুরাতে। অবশ্য এটা নতুন কিছু নয়। নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর প্রথমে পরীক্ষা স্থগিত রাখা হয়। পরবর্তী সময়ে সফলভাবে পরীক্ষা নেওয়া হয় এবং ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় বসে। কিন্তু বর্তমান সময়ে প্রধান বিরোধী দল কংগ্রেস বৈদেশিক শক্তিকে কাজে লাগিয়ে শাসক দল এবং সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে অরাজকতা সৃষ্টি করার জন্য ময়দানে নেমেছে। সব মিলিয়ে বলা যেতে পারে নিজ প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে শাসক দল এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে।

