স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুলাই : দেশব্যাপী ছাত্রদের লড়াই আন্দোলন সড়ক থেকে সংসদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন রাহুল গান্ধী। বিগত ১২ বছরে ১৫২ বার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিজেপি শাসিত রাজ্য গুলিতে প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা বেশি ঘটছে। যার কারনে বহু ছাত্র আত্মহত্যা করেছে। তার আগে এই ধরনের প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা দেশে দেখা যায় নি।
বর্তমানে প্রশ্ন পত্র ফাঁসের ঘটনার প্রতি কোন গুরুত্ব দিচ্ছে না। জনগণের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। জল অনেক গড়িয়ে গেছে। এখন সময় এসেছে। রাহুল গান্ধী সিদ্ধান্ত নিয়ে তাই রাস্তায় নেমেছেন। সংসদেও সরব হচ্ছেন। ইন্ডিয়া জোট ছাত্রদের পাশে রয়েছে। এই বার্তা রাজ্যে রাজ্যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই মোতাবেক কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে রাজ্যে কোরডিনেটর নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান সর্বভারতীয় কংগ্রেস নেতা বিজেন্দ্র প্রসাদ সিং।
তিনি এইদিন অভিযোগ করেন প্রশ্ন পত্র ফাঁসে বিজেপির কিছু আসে যায় না। বিজেপি দেশের মধ্যে ঘৃণার রাজনীতি করে। বিজেপি নিজেদের ভুল মানতে চায় না। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন গোটা দেশে চলছে একনায়কতন্ত্র। নীট সহ বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। দেশের সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের পথে। অথচ সরকারের বিরুদ্ধে কোনো কথাই বলা যাচ্ছে না। দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের লাঠিপেটা করা হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও গ্রেফতার করা হয়েছে। বিধায়ক সুদীপ রায় বর্মন সমস্ত ছাত্র-ছাত্রীদের ঘর থেকে বেরিয়ে আসার আহ্বান করেন। তিনি বলেন যে ভুলগুলো হচ্ছে তা কোনভাবেই হজম করা উচিত নয়। বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে আগামী ২৩ জুলাই দু’ঘণ্টারজন্য বিকল্প জাতীয় সড়ক চারটে পয়েন্টে অবরোধ করা হবে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত। মানুষকে যাতে দুর্ভোগের মধ্যে পড়তে না হয় এর জন্য দু’ঘণ্টার এই প্রতীকী অবরোধ করা হবে। তিনি আরো বলেন বিভিন্ন জায়গায় ঠিকেদারদের টাকা দিতে হচ্ছে এই রাস্তার কাজের জন্য। যার কারণে রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে।

