স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুলাই : এন.ডি.পি.এস মামলায় দুই অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে জরিমানার সাজা দিলেন সাব্রুমের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক। সাজাপ্রাপ্তরা হলেন অভিজিৎ দাস ও সুব্রত দাস। তাঁদের বাড়ি সাব্রুমের দমদমার দাসপাড়া ও নেতাজি পল্লী এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ২২ এপ্রিল রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ সাব্রুম-বৈষ্ণবপুর সড়কের মহেন্দ্রনাথ টিলার সামনে টহলরত পুলিশ একটি বাইককে দাঁড়াতে সিগন্যাল দেয়। কিন্তু পুলিশের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে বাইকটি আটক করে। পরে বাইকটিতে তল্লাশি চালিয়ে ১০.১১ গ্রাম হেরোইন এবং ৭৭ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে ২০ জুলাই মামলার বিশেষ বিচারক অসিত দেবনাথ দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা করে জরিমানার সাজা ঘোষণা করেন। সাজা ঘোষণার পরই তাঁদের বিলোনিয়া সংশোধনাগারে পাঠানো হয়।

