স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-ছাত্রীরা। দিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশের সরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীরা শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির দায় এড়াতে পারে না কেন্দ্রীয় সরকার।
তাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, শিক্ষায় দুর্নীতি, প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরের সামনে অনশন শুরু করেছিলেন সোনম। মঙ্গলবার সেই অনশনের ২৪তম দিন। গত শনিবার বিক্ষোভস্থল থেকে সাদা পোশাকের পুলিশ সোনমকে তুলে নিয়ে যায়। ভর্তি করানো হয় হাসপাতালে।
কিন্তু হাসপাতালেও তাঁর অনশন ভাঙানো যায়নি। কেবল নুনজল খেয়ে আছেন সোনম। অনশনের কারণে শারীরিক ভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। তবে তাঁর মনের জোর এখনও আগের মতোই আছে বলে জানিয়েছেন স্ত্রী গীতাঞ্জলি। তার মধ্যেই সোমবার সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে ‘সংসদ চলো’ অভিযান সফল করার আহ্বান জানান সোনম। এই আন্দোলনকে ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’ বলেছেন তিনি।

