স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুলাই : রাজ্য পুলিশের মহানির্দেশ অনুরাগ ধ্যানকরের রহস্য জনক অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে দেখা দিয়েছে চাঞ্চল্য। সোমবার সাড়ে ১১ টা নাগাদ নিজ অফিস কক্ষ থেকে অনুরাগ ধ্যানকরের দেহ উদ্ধার করে নিয়ে জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। সাথে সাথে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা অনুরাগ ধ্যানকরকে সিপিআর দেন। কিন্তু তাতেও কোন কাজ হয় নি। দীর্ঘ সময় সিপিআর দেওয়ার পরও কোন কাজ না হওয়ার পর চিকিৎসকদের পক্ষ থেকে অনুরাগ ধ্যানকরকে মৃত ঘোষণা করা হয়। জিবি হাসপাতালের চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক জানান, অনুরাগ ধ্যানকরকে জিবি হাসপাতালে জরুরি ভিত্তিতে আনা হয় ১২ টা নাগাদ।
জিবি হাসপাতালে আনার পর তাঁর শ্বাস প্রশ্বাস কিছুই ছিল না। বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৮ মিনিট অনুরাগ ধ্যানকরকে সিপিআর দেওয়া হয়। কিন্তু কোন কাজ হয় নি। তাই ১২ টা ৪৮ মিনিটে অনুরাগ ধ্যানকরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ময়না তদন্ত শেষে জাতীয় পতাকা দিয়ে অনুরাগ ধ্যানকরের মৃতদেহ জিবি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় তাঁর সরকারি বাসভবনে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছুটে যান বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ আরও অনেকে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে রাজ্য পুলিশের মহানির্দেশক আত্মহত্যা করেছেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। তবে মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট আসলে অনুরাগ ধ্যানকরের মৃত্যুর কারন জানা যাবে।
তবে অনুরাগ ধ্যানকরের অফিস কক্ষের সাথে সংযুক্ত শৌচালয়ে একটি কাপড় ঝুলানো রয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশকের আত্মহত্যার ফলে সমাজে একটা খারাপ বার্তা যাবে। রাজ্য পুলিশ মহা নির্দেশকের অফিস কক্ষ পর্যবেক্ষণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানান রাজ্যের ফরেন্সিক অধিকর্তা। মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ত্রিপুরার পুলিশ মহাপরিচালক, আইপিএস অনুরাগ-এর মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। সরকারি কক্ষের শৌচাগারে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তথ্যটি পাওয়ার পর, সাথে সাথে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব অবিলম্বে পুলিশ সদর দপ্তরে যান। তাঁকে দ্রুত জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করেন। রাজ্য পুলিশের মহানির্দেশকের অফিস কক্ষে ঠিক কি হয়েছিল এই বিষয়ে কেউই মুখ খুলতে নারাজ। এদিকে ডিজি-র মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল রাজ্য সরকারের অতিরিক্ত সচিব। অর্ধ নির্মিত থাকবে জাতীয় পতাকা এবং সরকারি অনুষ্ঠান বন্ধ থাকবে। মঙ্গলবার গার্ড অফ অনার দিয়ে দিল্লি নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। প্রাথমিকভাবে এতটাই খবর রয়েছে বলে জানান মুখ্য সচেতক কল্যাণী রায়।

