স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ জুন : রাজ্যে বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা, স্মার্ট মিটার নিয়ে জন অসন্তোষ, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং বিদ্যুৎ দপ্তরে দুর্নীতির অভিযোগ সহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগ, স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ পরিষেবার মানও সন্তোষজনক নয়। পাশাপাশি বিদ্যুতের মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং পরিষেবার উন্নয়নের দাবিও জানানো হয়।
এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রবীর চক্রবর্তী জানান বিজেপি সরকার মানুষের সমস্যা সমাধানের জায়গায় দাড়িয়ে নেই। তাদের একমাত্র লক্ষ হল নিজেদের আখের গোছানো ও দলীয় সম্পত্তি বৃদ্ধি এবং দলের একাংশ নেতৃত্বের সম্পত্তি বৃদ্ধি করা। অপরদিকে মোদীর লক্ষ্য আমেরিকাকে খুশি রাখা। উল্লেখ্য, চুপিসারে বিদ্যুতের মাশুল বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর চাপ বেড়েছে। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

