নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ সোমবার মোদী সরকারের নীতিগুলির প্রশংসা করে বলেন, ‘গরিব কল্যাণ যোজনা’ সর্বদা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
অমিত শাহ এদিন সমাজ মাধ্যম এক্স-এ লিখেছেন, সরকার গত ১২ বছরে কোটি কোটি নাগরিককে অন্ন যোজনা, প্রধানমন্ত্রী আবাস, জন-ধন, মুদ্রা লোন, পিএম স্বনিধির মতো জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা, আর্থিক সুরক্ষা এবং স্বরোজগারের সুযোগের সঙ্গে যুক্ত করেছে। এ ছাড়াও, মৌলিক সুযোগ-সুবিধা, সামাজিক সুরক্ষা এবং উন্নত জীবনযাত্রার মাধ্যমে দেশের দরিদ্র মানুষকে অর্থনৈতিক মূলধারার সঙ্গে যুক্ত করে ‘বিকশিত ভারত’-এর এক মজবুত ভিত্তি তৈরি করা হচ্ছে।

