স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ এপ্রিল : কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে পাহারাদার নিয়োগ থাকা সত্ত্বেও চোরের দল এমন পরিকল্পিতভাবে চুরি সংগঠিত করল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। জানা গেছে, বুধবার গভীর রাতে কদমতলা বাজারের স্বর্ণপট্টি এলাকায় ‘জয় জুয়েলারি’ এবং সুনীল জুয়েলার্স নামে দুইটি দোকানে এই চুরির ঘটনা ঘটে।
আজ সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ দোকানের এক কর্মী দোকান খুলতে এসে দেখেন ভেতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে। প্রথমে দরজা ও গ্রিল অক্ষত দেখে সন্দেহ না হলেও পরে নজরে আসে দোকানের পেছনের দিক। সেখানে টিনের চালা ও প্লাইউড কেটে ভেতরে প্রবেশের স্পষ্ট চিহ্ন দেখতে পান তিনি। চোরেরা অত্যন্ত কৌশলে দোকানের টিন ও সিলিং ভেঙে ভিতরে ঢুকে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার সোনা ও রুপার গয়না চুরি করে নিয়ে যায় বলে জানান। সঙ্গে সঙ্গে বিষয়টি এক জয় জুয়েলারির মালিক স্বপন কুমার দে-কে জানানো হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং আশপাশের ব্যবসায়ীরাও জড়ো হয়। পরবর্তীতে কদমতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। একটি চুরির মামলা রুজু করে। এই ঘটনার পর গোটা কদমতলা বাজারে ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

