বাড়িরাজ্যপানীয় জল সরবরাহে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন কংগ্রেসের

পানীয় জল সরবরাহে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুলাই : রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ডিডব্লিউএস দপ্তরের কাছে স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। শুক্রবার আগরতলায় কংগ্রেস ভবন থেকে দলের প্রতিনিধিরা ডিডব্লিউএস দপ্তরে গিয়ে এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, ‘জল জীবন মিশন’ সহ বিভিন্ন পানীয় জল প্রকল্পে দুর্নীতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং তদারকির অভাবের কারণে সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। কংগ্রেসের দাবি, পানীয় জল পরিশোধনের জন্য ব্যবহৃত ফিটকিরির মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নিম্নমানের ফিটকিরি ব্যবহারের ফলে জল দূষণের আশঙ্কা বাড়ছে এবং এর সঙ্গে দুর্নীতির যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় জলবাহিত রোগ বৃদ্ধি, পাইপলাইনের ত্রুটি এবং অপরিশোধিত জল সরবরাহের বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, অবিলম্বে ফিটকিরির মান নির্ধারণে স্বচ্ছ তদন্ত, সংশ্লিষ্ট দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গোটা রাজ্যে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে বলে জানান প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য