বাড়িরাজ্যএকই রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরি

একই রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ এপ্রিল : গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনী এলাকায় একই রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। প্রথম ঘটনাটি ঘটে ষাট কার্ড এলাকার বাসিন্দা শিখা বিশ্বাসের দোকানে। তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। শুক্রবার সকালে দোকান খুলতে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং ভেতরে মালপত্র লন্ডভন্ড।

 চোরেরা ঠান্ডা পানীয়, দামি বিস্কুট, সিগারেট সহ নগদ অর্থ নিয়ে যায়। দোকানের মালিক শিখা বিশ্বাস বলেন, এই ছোট দোকানের আয়ের উপরই তার সংসার চলে। স্বামী ও ছেলে অসুস্থ হওয়ায় প্রতি মাসে ১৪-১৫ হাজার টাকা চিকিৎসায় ব্যয় হয়, তার সঙ্গে রয়েছে ঋণের কিস্তি। এর আগেও তার দোকানে তিনবার চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই রাতে পাশের আরেকটি দোকানেও চুরির ঘটনা ঘটে। দোকানটি রাধাচরণ দাসের।

তিনি বলেন, সকালে এসে দেখেন দোকানের তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোরেরা ফ্রিজে থাকা ঠান্ডা পানীয়, একটি গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। তিনিও জানান, গত ২০ বছর ধরে ব্যবসা করলেও তার দোকানেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি রাতের পুলিশি টহল বাড়ানোরও দাবি করেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য